| জেলা প্রশাসনের পটভূমি |
|
এদেশের প্রশাসনিক কাঠামোয় সুসংহত জেলা প্রশাসন ব্যবস্থার সূচনা হয় ভারতে বৃটিশ শাসন শুরুর প্রাক্কালে । ফারসি ভাষায় জেলা শব্দটির আভিধানিক অর্থ দেহের পশ্চাদভাগ, অর্থাৎ কেন্দ্রীয় এলাকা বা রাজধানী ব্যতিরেকে দেশের পশ্চাৎবর্তী ও প্রান্তিক এলাকাকে ভিন্ন অর্থে জেলা বা জিলা নামে অভিহিত করা হত। ইস্ট ইন্ডিয়া কোম্পানী কর্তৃক প্রথমে দেওয়ানী ও পরে এদেশের শাসনভার করায়ত্ত করার পর ইংরেজী District শব্দটির জেলা- এর সমার্থক হয়ে দাঁড়ায়। দেশের প্রশাসনিক একাংশকে সংগঠিত করে জেলা বা district প্রশাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়। তবে ঠিক কখন থেকে আজকের সময়ে বহুল ব্যবহৃত জেলা শব্দটির ব্যবহার আরম্ভ হয়েছিল সুনির্দিষ্টভাবে জানা যায়না। তবে রেকর্ডপত্রে যতটুকু জানা যায় ১৭৮৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বোর্ড অব ডাইরেক্টরস-এর সুপারিশের প্রেক্ষিতে বঙ্গ প্রদেশকে ৩৬ জেলায় বিভক্ত করে রাজস্ব প্রশাসন, সিভিল জজ ও ম্যাজিস্ট্রেসীকে একটি একক প্রশাসনের আওতায় এনে প্রতি জেলায় একজন করে কালেক্টর নিয়োগ করা হয়। ১৭৯৩ খ্রিস্টাব্দে কালেক্টরকে আইন-শৃংখলা রক্ষায় ম্যজিস্ট্রেসী ক্ষমতা ও রাজস্ব আদায়ের সার্বিক দায়িত্ব দেয়া হয়। ১৮৬১ সালে বৃটিশ রাজ কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানী থেকে ভারতের শাসন ক্ষমতা অধিগ্রহণ করে কালেক্টরকে রাজস্ব আদায় ও আইন-শৃংখলা রক্ষার দায়িত্ব দেয়া হয়। ১৮৬৯ সালে কালেক্টরকে ফৌজদারী বিচার নিস্পত্তির ক্ষমতা প্রদানের মাধ্যমে ম্যজিস্ট্রেট নামকরণ করে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়। ১৮৭২ সালে স্যার জর্জ ক্যাম্পবেল জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরকে জেলা পর্যায়ের অন্যান্য বিভাগীয় অফিসের কাজকর্মের তত্বাবধানের ক্ষমতা প্রদান করে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাকে আরও সুর্দৃঢ় করার প্রয়াস নেন। ১৯৩০ সালের সাইমন কমিশনের সুপারিশের আলোকে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার ও অন্যান্য বিভাগীয় অফিসসমূহের সরাসরি তত্ত্বাবধানের দায়িত্ব পান। 1৯৪৭ সালে ভারত বিভক্তির পর সমগ্র দেশকে বিভাগ, জেলা, মহকুমা, থানা ইত্যাদি প্রশাসনিক ইউনিটে বিভক্ত করে জেলা প্রশাসনকে পুলিশ সুপারসহ অপরাপর সকল বিভাগের উপর তদারকি ও সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়। স্বাধীনতাত্তোরকালে ১৯৭৬ সাল পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকে যদিও ১৯৭৫ সালে প্রতি জেলায় একজন করে গভর্ণর নিয়োগ করে তাকে সংশ্লিষ্ট জেলা শাসনের প্রচেস্টা নেয়া হয়েছিল। পরবর্তী পর্যায়ে পুলিশ বিভাগের উপর জেলা প্রশাসকের সরাসরি তদারকির বিষয়টি প্রত্যাহার করা হলেও সমগ্র জেলার বিভিন্ন বিভাগকে সমন্বয়ের দায়িত্ব অদ্যাবধি জেলা প্রশাসককেই করতে হয় । অদ্যাবধি সে দায়িত্ব বহাল রয়েছে। তাছাড়া বিভিন্ন দুর্যোগকালে বা আপদকালীন সময়ে জেলা প্রশাসককেই সার্বিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ ও সমন্বয়ের দায়িত্ব পালন করতে হয়। |